10/04/2026
“বিদায়"… এই একটা শব্দের ভেতরে কতটা না-বলা গল্প, কতটা জমে থাকা অনুভূতি লুকিয়ে থাকে,আজ সেটা খুব গভীরভাবে অনুভব করছি। কিছু সম্পর্ক থাকে, যেগুলোর কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই,না পুরোপুরি সিনিয়র, না শুধু বন্ধু… তার থেকেও বেশি কিছু। 'পরঞ্জয়-২৪', আপনারা আমাদের জীবনে ঠিক তেমনই এক অমূল্য উপস্থিতি।
আপনাদের সাথে হয়তো আমাদের পথচলা খুব সহজ ছিল না, কিন্তু যতটুকু সময় ছিল তা অসংখ্য স্মৃতি, শেখা আর সুন্দর অনুভূতিতে ভরপুর।
প্রথম দিনগুলোতে যখন চারপাশটা অচেনা, সবকিছু নতুন তখন আপনারাই ছিলেন সেই চেনা মুখ, যাদের উপস্থিতি অজান্তেই এক ধরনের নিরাপত্তা দিত। হয়তো কোনো বড় বড় কথা বলেননি, কিন্তু আপনাদের আচরণ, আপনাদের ব্যবহার, আপনাদের ছোট ছোট সহায়তা এসবই আমাদের জন্য অনেক বড় কিছু ছিল।
আজ যখন আপনারা বিদায় নিচ্ছেন, তখন মনে হচ্ছে শুধু একটা ব্যাচ না আমাদের জীবনের একটা সুন্দর অধ্যায় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আমাদের মনে করিয়ে দিচ্ছে যে 'প্রকর্ষ-২৫' এর অধ্যায়ও শেষের পথে, ক্যাম্পাসের বাতাসেও যেন একটু নীরবতা নেমে এসেছে। যেসব জায়গায় আপনাদের হাসি, আড্ডা, গল্প ভেসে বেড়াত সেগুলো আজ থেকে একটু অন্যরকম লাগবে।
এই শূন্যতাটা হয়তো সময়ের সাথে আমরা মানিয়ে নেব, কিন্তু আপনাদের না থাকার অভাবটা কখনোই পুরোপুরি পূরণ হবে না। কারণ আপনারা শুধু আমাদের সিনিয়র ছিলেন না আপনারা ছিলেন এমন কিছু মানুষ, যাদের সাথে না বললেও অনেক কিছু বলা হয়ে যেত।
আপনাদের পুরো ব্যাচটাই ছিল একসাথে একটা অনুভূতি একটা আশ্রয়, একটা শক্তি, একটা প্রেরণা। আপনারা দেখিয়েছেন কিভাবে লড়াই করতে হয়, কিভাবে স্বপ্নের পেছনে ছুটতে হয়, কিভাবে হার না মেনে এগিয়ে যেতে হয়।
আপনারা আমাদের বকা দিয়েছেন, শাসন করেছেন, ভুল হলে থামিয়ে দিয়েছেন সেই সময় হয়তো আমরা চুপ করে থেকেছি, হয়তো মনে মনে অভিমান করেছি। মনে হয়েছে কেন খালি বকা দেয়? কেন এমন করে?
কিন্তু আজ, এই বিদায়ের মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারছি যে সেই বকা না থাকলে, সেই শাসন না থাকলে, আমরা আজকের এই জায়গায় আসতে পারতাম না।
আপনারা শুধু সিনিয়র ছিলেন না আপনারা ছিলেন আমাদের প্রিয় অভিভাবক, যারা আমাদের ভুল পথে যেতে দেননি। আপনারা হয়তো কঠিন ছিলেন, কিন্তু সেই কঠিনতার ভেতরেই ছিল সবচেয়ে নরম একটা দায়িত্ব আমাদের ঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব।
আজ আপনারা নতুন এক যাত্রায় পা রাখছেন,হয়তো নতুন শহর, নতুন মানুষ, নতুন স্বপ্ন নিয়ে। কিন্তু আমাদের কাছে আপনারা সবসময় থেকেই যাবেন সেই প্রিয় মুখগুলো, সেই নির্ভরতার জায়গা, সেই সুন্দর স্মৃতিগুলো হয়ে।
যদি কোনোদিন খুব ক্লান্ত লাগে, যদি কোনোদিন মনে হয় সবকিছু কঠিন হয়ে যাচ্ছে তখন একবার এই ক্যাম্পাসের কথা মনে করবেন, এই জুনিয়রদের কথা মনে করবেন, যারা আজও আপনাদের জন্য ভালোবাসা আর দোয়া পাঠায়।
'পরঞ্জয়-২৪', আপনারা কখনোই শুধু “একটা ব্যাচ” ছিলেন না,আপনারা আমাদের অনুভূতির একটা অংশ, আমাদের গল্পের একটা স্থায়ী অধ্যায়।
আর 'প্রকর্ষ-২৫' সবসময় মনে রাখবে যে
আমাদের পথচলার সবচেয়ে সুন্দর ছায়াটার নাম ছিল “পরঞ্জয়-২৪” ❤️