04/01/2026
নিরাপদ পানি: প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার
নিরাপদ পানি: প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সম্প্রতি এক ঐতিহাসিক পূর্ণাঙ্গ রায়ে বিনামূল্যে নিরাপদ খাবার পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন। সংবিধানের ৩২ অনুচ্ছেদের আলোকে দেওয়া এই যুগান্তকারী রায় বাংলাদেশের জনস্বাস্থ্য রক্ষা ও মানবাধিকার নিশ্চিত করার পথে এক অবিস্মরণীয় মাইলফলক।
আমরা এই আইনি স্বীকৃতিকে আন্তরিকভাবে স্বাগত জানাই। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, লবণাক্ত উপকূলীয় এলাকা, খরা প্রবণ অঞ্চল এবং প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য নিরাপদ পানির অধিকার নিশ্চিত করা ছিল দীর্ঘদিনের দাবি। আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে রেল স্টেশন, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে নিরাপদ পানি নিশ্চিত করা এবং ১০ বছরের মধ্যে তা সর্বজনীন করা টেকসই উন্নয়নের জন্য জরুরি।
একশনএইড বাংলাদেশ দীর্ঘকাল ধরে প্রান্তিক মানুষের নিরাপদ ও ন্যায্য পানিসহ মৌলিক অধিকার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের বিশ্বাস, এই আইনি রায় আমাদের সামাজিক ন্যায়বিচার ও জেন্ডার সমতার লড়াইকে আরও শক্তিশালী করবে। নিরাপদ পানির অভাব নারী ও শিশুদের স্বাস্থ্যঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দেয়।
এই ঐতিহাসিক রায়ের কার্যকর বাস্তবায়নে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিম্নোক্ত আহ্বান জানাই:
💧 দ্রুত ও স্বচ্ছ বাস্তবায়ন: পাবলিক প্লেসগুলোতে নিরাপদ পানি সরবরাহের নির্দেশনা নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক।
💧 ভৌগোলিক অগ্রাধিকার: উপকূলীয় লবণাক্ত এলাকা এবং পাহাড়ি অঞ্চলের পানির সংকট নিরসনে বিশেষ প্রকল্প গ্রহণ করা হোক।
💧 উৎস সুরক্ষা: পানির উৎসগুলোকে দূষণ ও দখল থেকে রক্ষা করতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।
💧 জনগণের অংশগ্রহণ: পানি ব্যবস্থাপনা ও তদারকিতে স্থানীয় কমিউনিটি এবং সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হোক।
মহামান্য হাইকোর্টের এই রায় যেন প্রতিটি নাগরিকের জীবনে মর্যাদা ও সুস্থ জীবন নিয়ে আসে, সেই লক্ষ্যে একশনএইড বাংলাদেশ তার অ্যাডভোকেসি ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।