13/04/2026
ইয়াবাসহ যুবদল নেতা আটক জুড়ীতে
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ইয়াবাসহ পূর্বজুড়ী ইউনিয়ন যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মাজহারুল ইসলাম তাগাদ (২৫), তিনি পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের আব্দুল মালিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পূর্বজুড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।
পূর্বজুড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ জাকারিয়া শিবলু তার সাংগঠনিক সম্পাদক পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার রেজা দাবি করেছেন, জেলা কমিটি ওই ইউনিয়ন কমিটিকে আগেই অবৈধ ঘোষণা করেছে।
এ বিষয়ে জুড়ী থানার এসআই সুবির জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।