26/06/2026
আমরা কতটা দান করি তা বড় কথা নয়, বরং দানের মধ্যে কতটা ভালোবাসা মিশিয়ে দিই, সেটাই আসল।” – মাদার তেরেসা
শরদিন্দু শেখর চাকমা (এস. এস. চাকমা) বাংলাদেশের একজন বিশিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, কূটনীতিক ও লেখক। তিনি ১৯৩৭ সালে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার নানিয়ারচর থানার অন্তর্গত বুড়িঘাট মৌজার খুল্যাবিল গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান বর্তমানে কর্ণফুলী হ্রদের নিচে নিমজ্জিত।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৯ সালে ইতিহাসে অনার্সসহ এম.এ. ডিগ্রি অর্জন করেন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে তিনি ছিলেন দ্বিতীয় এম.এ. ডিগ্রিধারী এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৬১ সালে পূর্ব পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং ১৯৯৩ সালে বাংলাদেশের জুম্ম আদিবাসী সম্প্রদায় থেকে প্রথম অতিরিক্ত সচিব পদে উন্নীত হন। ১৯৯৪ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
পার্বত্য চট্টগ্রাম সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির একজন সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে ১৯৯৮ সালে তাকে ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। আদিবাসী সম্প্রদায় থেকে তিনি ছিলেন বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রদূত।
শরদিন্দু শেখর চাকমা একজন প্রখ্যাত লেখকও। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বিষয়, ধর্মীয় আলোচনা, চাকমা জাতির ইতিহাস, বিদেশ ভ্রমণ কাহিনী এবং আত্মজীবনীসহ তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ঊনপঞ্চাশটি।
🗓️আজ ২৬জুন ২০২৬ তারিখে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির আগামী ১৭ জুলাই ২০২৬ সংগঠনের উদ্যোগে প্রথম গিরি শিখা ম্যাগাজিন মোড়ক উন্মোচন ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি টিম শ্রদ্ধেয় গুনীজন,মানবিক,শিক্ষা অনুরাগী বিশিষ্ট ব্যক্তিত্ব শরদিন্দু শেখর চাকমা স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রনেল চাকমা কোলো,ঢাকা মহানগর শাখার সভাপতি সুইন্টন চাকমা, সাংগঠনিক সম্পাদক সংঘমিত্র চাকমা,মিরপুর শাখার সভাপতি রতনমুণি চাকমা।
সাক্ষাৎকালে তিনি সংগঠনের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং আন্তরিকভাবে উৎসাহ প্রদান করেন। এসময় তিনি সোসাইটির প্রকাশনা গিরিশিখা ম্যাগাজিন-এর বিষয়ে খোঁজ খবর রাখেন,যা সংগঠনের জন্য বিশেষ অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এছাড়াও তিনি সংগঠনের লাইব্রেরীর জন্য নিজের লেখা ৫০টি গ্রন্থ উপহার হিসেবে প্রদান করেন, যা জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে শিক্ষা তহবিলে তিনি ৩০,০০০ হাজার টাকা আর্থিক সহায়তাও প্রদান করেন।
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং ভবিষ্যতেও তার দিকনির্দেশনা ও সহযোগিতা অব্যাহত থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছে।
বার্তা প্রেরক
সুভাষ তালুকদার
তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি, কেন্দ্রীয় কমিটি