24/07/2026
যোগ্য মুহতামিম বা প্রিন্সিপালের পরিচয়!
১। প্রতিষ্ঠানের দ্বীনি, নৈতিক ও শিক্ষাগত উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা।
২। নিজে আমল-আখলাক, তাকওয়া ও আদর্শ চরিত্রের অধিকারী হওয়া এবং অন্যদের জন্য উত্তম দৃষ্টান্ত স্থাপন করা।
৩। প্রতিষ্ঠানের সময়, নিয়ম-শৃঙ্খলা ও দায়িত্বের ব্যাপারে সর্বদা সচেতন থাকা।
৪। যোগ্যতা ও আমানতদারিতার ভিত্তিতে উপযুক্ত শিক্ষক ও কর্মচারী নির্বাচন করা।
৫। শিক্ষকদের কাজের প্রতি নিয়মিত নেগরানি ও মূল্যায়ন করা এবং প্রয়োজনে সুন্দরভাবে সংশোধন করা।
৬। কোনো শিক্ষক বা ছাত্রের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে উভয় পক্ষের কথা মনোযোগ দিয়ে শোনা এবং ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করা।
৭। প্রতিষ্ঠানের প্রতিটি ছাত্রের শিক্ষা, চরিত্র ও ভবিষ্যৎ নিয়ে ফিকির করা।
৮। শিক্ষকদেরকে শুধু কর্মচারী হিসেবে নয়, বরং দ্বীনি দায়িত্বের সাথী ও সহকর্মী হিসেবে সম্মান করা।
৯। শিক্ষকদের সঙ্গে পরামর্শ (শূরা) করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা।
১০। শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের সঙ্গে সুন্দর, মার্জিত ও ভারসাম্যপূর্ণ আচরণ করা।
১১। প্রতিষ্ঠানের কোনো সমস্যা হলে তা গোপনীয়তা, প্রজ্ঞা ও হিকমতের সঙ্গে সমাধান করার চেষ্টা করা।
১২। যোগ্য শিক্ষককে তার যোগ্যতা অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া এবং মানসম্মত সম্মানি প্রদান করা, অযথা কোন বিষয়ে হস্তক্ষেপ না করা।
১৩। প্রতিষ্ঠানের আর্থিক বিষয়, দান-অনুদান ও আমানতের ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা।
১৪। ছাত্রদের শাসনের ক্ষেত্রে ন্যায়বিচার ও ভারসাম্য বজায় রাখা; কারও প্রতি ব্যক্তিগত রাগ, পক্ষপাত বা বিদ্বেষ থেকে সিদ্ধান্ত না নেওয়া।
১৫। ভালো কাজের জন্য শিক্ষক ও ছাত্রদের উৎসাহিত ও মূল্যায়ন করা এবং ভুল হলে সংশোধনের সুযোগ দেওয়া।
১৬। অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রতিষ্ঠান ও পরিবারের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে তোলা।
১৭। প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা।
১৮। নিজে নিয়মিত যোগ্য আলেম, মুরুব্বি ও অভিজ্ঞ ব্যক্তিদের সোহবত ও পরামর্শে থাকা।
১৯। প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রদের মধ্যে আল্লাহভীতি, রাসুলুল্লাহ ﷺ-এর ভালোবাসা এবং সুন্নতের পাবন্দি সৃষ্টি করার জন্য কার্যকর পরিবেশ তৈরি করা।
২০। নিজের ভুল স্বীকার করার মানসিকতা রাখা এবং প্রয়োজনে শিক্ষক, ছাত্র বা অভিভাবকের কাছ থেকেও পরামর্শ গ্রহণ করা।
২১। প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য রক্ষা করার পাশাপাশি ছাত্রদের ভবিষ্যৎ গড়ার ব্যাপারে দীর্ঘমেয়াদি চিন্তা করা।
২২। প্রতিষ্ঠানের প্রতিটি বিষয়ে আমানতদারি, ন্যায়পরায়ণতা, ধৈর্য, বিচক্ষণতা ও দূরদর্শিতা অবলম্বন করা।
২৩। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগের পরিবর্তে তথ্য, বাস্তবতা ও শরিয়তের নীতিমালা বিবেচনা করা।
২৪। শিক্ষক ও ছাত্রদের ভুল-ত্রুটি সংশোধনের সময় অপমান নয়, বরং ইসলাহ ও তরবিয়তের উদ্দেশ্য সামনে রাখা।
২৫। সবশেষে, প্রতিষ্ঠানের দায়িত্বকে পদ বা ক্ষমতা হিসেবে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে অর্পিত একটি আমানত ও জবাবদিহিতার দায়িত্ব হিসেবে মনে করা।
একজন যোগ্য মুহতামিম বা প্রিন্সিপাল শুধু প্রতিষ্ঠানের প্রশাসক নন; তিনি একই সঙ্গে একজন মুরব্বি, অভিভাবক, পরিচালক, পরামর্শদাতা ও আদর্শ নেতা। তাঁর আচরণ, ন্যায়পরায়ণতা ও নেতৃত্বের প্রভাব পুরো প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রদের ওপর পড়ে। সেই বিবেচনা সামনে রেখে অগ্রসর হওয়া উচিত। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তার দ্বীনের একজন প্রকৃত খাদেম হিসেবে কবুল করুন, আমীন।