13/04/2025
উদ্যোক্তা হতে চান, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না? তাহলে এই লেখা আপনার জন্য। সময় নিয়ে মন দিয়ে পড়ুন।
উদ্যোক্তা হওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু অধিকাংশ মানুষই জানে না, কোথা থেকে শুরু করতে হবে, কীভাবে শুরু করতে হবে, বা শুরু করলেই কী সফল হওয়া যাবে।
এই লেখাটি এমনই এক দিকনির্দেশনা—যেটি নতুন উদ্যোক্তাদের জন্য হতে পারে একটি হ্যান্ডবুক বা গাইডলাইন।
⸻
উদ্যোক্তা মানেই কি প্রোডাক্ট তৈরি করে বিক্রি করা?
না! আমরা অনেকেই ভুল জায়গা থেকে শুরু করি। ভাবি, একটা প্রোডাক্ট বানাব, সেটা বিক্রি করব। কিন্তু বাজারে সেই প্রোডাক্টের দরকার আছে কিনা—তা নিয়ে ভাবি না।
ফলে অনেক সময় দেখা যায়, আমরা যে প্রোডাক্ট তৈরি করেছি, তার কোনো ডিমান্ডই নেই। অর্থ, সময়, শ্রম—সবই নষ্ট হয়।
সঠিক পদ্ধতি কী?
উল্টোভাবে ভাবুন।
কীভাবে প্রবলেম খুঁজে পাবেন এবং কিভাবে তার সমাধান করবেন?
একজন উদ্যোক্তার আসল কাজ হলো সমস্যা খুঁজে বের করা এবং তারপর তার সমাধান তৈরি করা। আপনি আসলে প্রোডাক্ট বিক্রি করছেন না—আপনি মানুষের দুঃখ-কষ্ট, জটিলতা, সময়ের অভাব, বিশৃঙ্খলা, হতাশা বা ইচ্ছার একটা কার্যকর সমাধান দিচ্ছেন। আর এটাই একটা সফল ব্যবসার মূল ভিত্তি।
প্রথমেই নিজেকে প্রশ্ন করুন:
• মানুষ কিসে কষ্ট পাচ্ছে?
• কোথায় সময় নষ্ট হচ্ছে?
• কোন ক্ষেত্রে মানুষ ভালো সার্ভিস পাচ্ছে না?
• কোন জিনিসগুলো মানুষ এখনো ডিজিটালভাবে পাচ্ছে না?
• লোকেরা কী নিয়ে অভিযোগ করে?
• আপনার নিজের জীবনেই কোন জিনিসগুলো ঝামেলা মনে হয়?
এগুলোই আপনাকে একটা রিয়েল প্রবলেম খুঁজে পেতে সাহায্য করবে।
উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যাক:
১. সমস্যা: শহরের ব্যস্ত মানুষজনের জন্য বাসায় স্বাস্থ্যকর ও সময়মতো খাবার পাওয়াটা একটা বড় সমস্যা।
সমাধান: হোম কুকড মিল সাবস্ক্রিপশন সার্ভিস—যেখানে বিভিন্ন রকম খাবার সপ্তাহভিত্তিক সাবস্ক্রিপশন মডেলে পৌঁছে যাবে অফিস বা বাসায়।
২. সমস্যা: মা-বাবারা চান তাদের বাচ্চা টিভি বা মোবাইলে সময় কাটাকালেও কিছু শিখুক, কিন্তু মানসম্মত বাংলা কনটেন্ট নেই।
সমাধান: আপনি শিশুদের জন্য বাংলা ভাষায় ইন্টারঅ্যাকটিভ শিক্ষামূলক অ্যানিমেশন ভিডিও তৈরি করুন—বর্ণমালা, ছড়া, গল্প, ইসলামিক শিক্ষা ইত্যাদি নিয়ে।
৩. সমস্যা: দেশের কৃষকরা সঠিক সময়ে সার বা বীজ পাচ্ছে না, অথবা পাচ্ছে বেশি দামে।
সমাধান: একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করুন যেখানে কৃষকরা সরাসরি হোলসেলার থেকে সার, বীজ, কীটনাশক কিনতে পারবেন। এমনকি আপনি লোকাল এজেন্ট দিয়ে দ্রুত ডেলিভারি নিশ্চিত করতে পারেন।
৪. সমস্যা: ঢাকার মতো শহরে দারোয়ান, ঝাড়ুদার বা মিস্ত্রি পেতে কষ্ট হয়।
সমাধান: লোকাল হেল্পার খুঁজে পাওয়ার জন্য একটা অ্যাপ বা অনলাইন পোর্টাল তৈরি করুন, যেখানে যাচাই করা ও ট্রেনিংপ্রাপ্ত লোক পাওয়া যাবে ঘণ্টা/দিন/চুক্তিভিত্তিক।
⸻
সমাধান তৈরি করার সময় কিছু প্রশ্ন মনে রাখুন:
• এটা কি ব্যবহারকারীকে সময় বাঁচাবে?
• এটা কি তার খরচ কমাবে?
• এটা কি তার জীবনকে সহজ করবে?
• এটা কি এমন কিছু দিচ্ছে যা সে আগে পায়নি?
• সমাধানটা কি স্কেলযোগ্য? অর্থাৎ, এক এলাকার বাইরে আরও বিস্তৃত করা যাবে?
⸻
প্যারালালি করতে হবে কিছু গুরুত্বপূর্ণ কাজ। এগুলো অনেকেই এড়িয়ে যান, আর সেখানেই ঘটে বিপদ।
১. ট্রেড লাইসেন্স নেওয়া:
আপনার ব্যবসাকে বৈধভাবে শুরু করতে হলে প্রথমেই স্থানীয় সিটি কর্পোরেশন/ইউনিয়ন অফিস থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে।
২. ট্রেডমার্ক রেজিস্ট্রেশন:
আপনার ব্র্যান্ডের নাম, লোগো, স্লোগান—সব কিছু রেজিস্ট্রার অব ট্রেডমার্কস (DPDT) এ রেজিস্ট্রেশন করুন। নয়তো কেউ সেটা কপি করে আপনাকেই ব্যবহার করতে দেবে না।
৩. কপিরাইট:
যদি আপনি কোনো বই, ডিজাইন, গান, কোর্স, ভিডিও বা ইউনিক কনটেন্ট তৈরি করেন, তাহলে কপিরাইট করে ফেলুন।
৪. প্যাটেন্ট (যদি নতুন উদ্ভাবন হয়):
নতুন কোনো প্রযুক্তি, যন্ত্র, পদ্ধতি আবিষ্কার করলে তা সরকারিভাবে প্যাটেন্ট করার আবেদন করুন।
৫. ব্যাংক একাউন্ট:
আপনার ব্যবসার নামে ব্যাংকে কারেন্ট একাউন্ট খুলুন। এতে লেনদেন হবে পরিষ্কার ও পেশাদার।
৬. ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত প্রস্তুতি:
আপনার ব্যবসা বড় হলে এনবিআর থেকে BIN নিতে হবে। সময়মতো রিটার্ন জমা দিতে হবে।
৭. সংশ্লিষ্ট ট্রেড বডির সদস্য হওয়া:
আপনার ব্যবসা যেই খাতে, সেই খাতের ট্রেড অ্যাসোসিয়েশন বা চেম্বারে সদস্য হোন। এতে আপনি ইন্ডাস্ট্রির ভেতরের খবর, সুযোগ-সুবিধা পাবেন।
৮. অনলাইন প্রেজেন্স তৈরি করা (সবচেয়ে শেষে):
ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব, ইনস্টাগ্রাম—সব কিছু অবশ্যই দরকারি।
তবে এই কাজটি সবার শেষে করুন, যখন আপনি প্রোডাক্ট বা সেবা দিতে প্রস্তুত, কপিরাইট ও ট্রেডমার্ক সুরক্ষিত।
নাহলে আপনি কিছু না বুঝেই আইডিয়া শেয়ার করলেন, অন্য কেউ সেটা বড় ইনভেস্ট করে নিয়ে গেল—আর আপনি থেকে গেলেন শূন্য হাতে।
⸻
সবচেয়ে বড় ভুলটি কী?
আমরা ৮ নম্বর কাজটা (অনলাইন মার্কেটিং) সবার আগে করি। আর এখানেই সবচেয়ে বড় বিপদ!
আমরা কিছুটা সফল হওয়ার আগেই নিজের পুরো আইডিয়া বা পণ্যের কনসেপ্ট সবাইকে দেখিয়ে দেই। এতে হয় কী, কেউ একজন পেছন থেকে বড় পরিমাণ অর্থ লগ্নি করে আপনার আইডিয়াই বড় করে ফেলে।
আপনি তখন কপি-হয়ে-যাওয়া প্রতিষ্ঠানের ছোট প্রতিলিপি হয়ে থাকেন।
⸻
উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসা করা নয়, এটা একটি ভাবনা ও সমস্যার সমাধানের জীবনধারা।
এখানে পথ সহজ নয়, কিন্তু পরিকল্পিত হলে তা সম্ভব।
একটি সমস্যা খুঁজুন, সমাধান দিন, ও ধাপে ধাপে আপনার ব্যবসাকে গড়ুন।
এই লেখাটি আপনি হাতে রেখে সময় নিয়ে বারবার পড়ুন, প্রয়োজনে প্রিন্ট করে রাখুন—এটাই আপনার প্রথম হ্যান্ডবুক!