22/05/2026
সভার কার্যবিবরণী
Association of Parrot and Parakeet Stockbreeders - APPS
বিষয়: ইন্টারন্যাশনাল প্যারট ডে, ২০২৬ উপলক্ষে কার্যক্রম, ৩য় পাখিবন্ধু পদক/পুরস্কার ঘোষণা ও সমসাময়িক বিষয়াবলি
তারিখ: ২১শে মে, ২০২৬
সময়: রাত ১০:০০টা
মাধ্যম: অনলাইন
আলোচ্য বিষয়সমূহ:
১. তৃতীয় পাখিবন্ধু পদক/পুরস্কার ঘোষণা প্রসঙ্গ
সভায় এ বছর “তৃতীয় পাখিবন্ধু” পদক/পুরস্কার ঘোষণা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় এমন একটি উদ্যোগের কথা উঠে আসে, যেখানে পাখিদের জন্য নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা হয়েছে, যাতে তারা স্বাভাবিকভাবে বসবাস, প্রজনন এবং বাচ্চা লালন-পালন করতে পারে এবং পরবর্তীতে স্বাধীনভাবে উড়ে যেতে পারে।
এই ব্যতিক্রমধর্মী ও ইতিবাচক উদ্যোগে সংগঠনের অনেক সদস্য সন্তোষ প্রকাশ ও ভুয়সী প্রশংসা করেন। প্রাথমিক আলোচনায় উপস্থিত অধিকাংশ সদস্য এ বছর তৃতীয় পাখিবন্ধু ঘোষণা দেওয়ার পক্ষে মতামত প্রদান করেন।
তবে বিষয়টি চূড়ান্ত করার পূর্বে সংগঠনের বৃহত্তর সদস্যদের মতামত গ্রহণের লক্ষ্যে একটি অনলাইন পোল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে নিবন্ধিত সদস্যরা “হ্যাঁ” অথবা “না” ভোট প্রদানের মাধ্যমে তাদের মতামত জানাতে পারবেন।
যদি এ বিষয়ে গ্রহণযোগ্য ঐকমত্য প্রতিষ্ঠিত হয়, তাহলে আসন্ন ইন্টারন্যাশনাল প্যারট ডে উপলক্ষে আনুষ্ঠানিকভাবে তৃতীয় পাখিবন্ধুর নাম ও পরিচয় ঘোষণা করা হবে।
২. প্রথম পাখিবন্ধু শ্রী আকাশকলি দাসের অভয়ারণ্য প্রসঙ্গ
সভায় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এপিপিএস ঘোষিত প্রথম “পাখিবন্ধু” শ্রী আকাশকলি দাসকে, যিনি ইতোমধ্যে পরলোকগমন করেছেন।
তার রেখে যাওয়া পাখির অভয়ারণ্যটি একটি দুর্বৃত্ত চক্র কর্তৃক দখল ও ধ্বংসচেষ্টার শিকার হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এ বিষয়ে পাবনা অঞ্চলের কিছু শিক্ষার্থী ও সচেতন নাগরিক সংগঠনের সঙ্গে যোগাযোগ করে তাদের চলমান প্রতিবাদ কর্মসূচির বিষয়টি সংগঠনকে অবহিত করেন।
এছাড়াও জানা যায়, স্থানীয় একটি আইনজীবী সংগঠন ইতোমধ্যে বিষয়টি নিয়ে হাইকোর্ট বিভাগে রিট আবেদন করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, যেহেতু “পাখিবন্ধু” উপাধি প্রথম এপিপিএস প্রদান করেছিল এবং শ্রী আকাশকলি দাসই ছিলেন প্রথম পাখিবন্ধু, তাই এই অন্যায়ের বিরুদ্ধে এপিপিএসেরও একটি নৈতিক ও সাংগঠনিক অবস্থান গ্রহণ করা উচিত।
৩. ইন্টারন্যাশনাল প্যারট ডে, ২০২৬ উদযাপন সংক্রান্ত সিদ্ধান্ত
সভায় আলোচনা করা হয় যে, চলতি বছর ইন্টারন্যাশনাল প্যারট ডে ঈদুল আজহার ছুটির সময়ের মধ্যে পড়ায় সংগঠনের পক্ষে কোনো ফিজিক্যাল অনুষ্ঠান আয়োজন করা বাস্তবসম্মত হচ্ছে না।
এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত হয় যে, এ বছর ইন্টারন্যাশনাল প্যারট ডে মূলত ডিজিটাল বা অনলাইন মাধ্যমেই পর্যবেক্ষণ করা হবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট Khan Zehad এর পরিচালনায় অনুষ্ঠিত সভাটি জাতীয় পরিষদের অন্যতম নির্বাহী সদস্য জনাব Ali Akbar Samrat এর সভাপতিত্বে উপস্তিত সকল সদস্যকে ধন্যবাদ এবং দেশ-বিদেশের সকল এপিপিএস সদস্য ও পাখিপ্রেমী ও পাখি পালনকারী ভাই ও বোনদেরকে আসন্ন ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে রাত ১১:০০টায় সমাপ্ত ঘোষণা করা হয়।
Mowmita Moumi
সম্পাদক, দপ্তর ও যোগাযোগ
APPS- Association of Parrot and Parakeet Stockbreeders, Bangladesh