The Institution of Structural Engineers, Bangladesh

The Institution of Structural Engineers, Bangladesh Official page of The Institution of Structural Engineers, Bangladesh (IStructEB).

23/11/2025

Urban Resilience Project, BBRA এবং ভূমিকম্প সহনীয় বিল্ডিং
-----
জামিলুর রেজা চৌধুরী স্যারের মতে ঢাকা শহরের ৯০ ভাগ বিল্ডিং নন-ইঞ্জিনিয়ার্ড, মফস্বল শহরের কথা বাদই দিলাম। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক সমীক্ষায় জানানো হয়, ভৌগোলিকভাবে ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মিজ টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় বাংলাদেশ ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতির দিক হতে পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে ইন্ডিয়া-বার্মা প্লেটের সংযোগস্থলে যে পরিমাণ শক্তি জমা আছে সেটা যদি বের হয় তাহলে ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে। সাধারণত এই অঞ্চলে গড়ে দেড়শ বছর পরপর ৭ মাত্রার এবং আড়াইশ থেকে তিনশ বছর পরপর ৮ মাত্রার ভূমিকম্প হওয়ার অতীত রেকর্ড আছে। কিন্তু শেষ এক-দেড়শ বছরে বড় কোন ভূমিকম্প হয়নি। এখন যেকোনো সময় ৭ মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রবল। সম্প্রতি দ্য গ্লোবাল আর্থকোয়াক ডিজাসটার রিস্ক ইনডেক্স (ইডিআরআই) রাজধানী ঢাকাকে বিশ্বের ২০টি ঝুঁকিপূর্ণ শহরের মধ্যে একটি অন্যতম শহর হিসেবে চিহ্নিত করেছে। বিল্ডিং কোড মেনে বিল্ডিং না করার কারণে ১ শতাংশ বিল্ডিংও যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাৎক্ষণিকভাবে দুই লাখ লোকের প্রাণহানি ঘটবে। ৫-৭ লাখ মানুষ বিল্ডিংয়ে আটকা পড়বে।

এজন্য ভূমিকম্প সহনীয় বিল্ডিং ডিজাইনের জন্য বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ‘আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট: রাজউক অংশ’-এর আওতায় বিশ্ববিখ্যাত আমেরিকান কনসালটেন্ট International Code Council (ICC) যারা আমেরিকা যুক্তরাষ্ট্রের IBC কোড প্রনয়ন করে তাদেরকে রাজউক কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেয়। পরবর্তীতে রাজউকের নিয়োগপ্রাপ্ত কনসালটেন্ট 'ইন্টারন্যাশনাল কোড কাউন্সিল' বাংলাদেশে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের রেজিষ্ট্রেশনের বিদ্যমান পদ্ধতির সংস্কারের জন্য নীতিমালা প্রনয়ণ করেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের ১৬ ঘন্টার লিখিত SE পরীক্ষার আদলে বাংলাদেশে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের লাইসেন্সের জন্য ১২ ঘন্টার SEng নামে লিখিত পরীক্ষার সুপারিশ করেন।

তারই ধারাবাহিকতায় আমেরিকার 'ইন্টারন্যাশনাল কোড কাউন্সিল' এর তত্বাবধানে বাংলাদেশে প্রথমবারের মত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রায় তিন মাস ব্যাপী SEng Training অনুষ্ঠিত হয় এবং এই ট্রেনিং বাংলাদেশের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের মাঝে এক যুগান্তকারী আলোড়ন সৃষ্টি করেছিল যাতে প্রায় ১২০০ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অংশগ্রহণ করেন যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। পরবর্তীতে প্রায় ৫৫০ জন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার SEng পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেন এবং পরীক্ষাটি দুইদিনব্যাপী বুয়েট এবং ICC এর তত্বাবধানে বুয়েটে অনুষ্ঠিত হয়। এই SEng পরীক্ষায় ১২৪ জন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সফলতার সাথে উত্তীর্ণ হন।
পরবর্তীতে রেগুলার বেসিসে SEng ট্রেনিং এবং পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একটি স্বার্থান্বেষী গ্রুপের ষড়যন্ত্রের কারণে SEng এর সকল কার্যক্রম মুখ থুবড়ে পড়ে আছে।

BBRA এর পূর্ণনাম হচ্ছে Bangladesh Building Regulatory Authority যার বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে Bangladesh National Building Code (BNBC)-2020 এর পার্ট ২ এর চ্যাপ্টার ২ তে। আরও আগে এই বিষয়ে উল্লেখ ছিলো বিএনবিসি-১৯৯৩ তে Building Regulatory Authority (BRA) নামে।

যেকোন একটা কাজের সাথে অনেক মানুষ অনেকভাবে জড়িত থাকে। যেমন একটা গাড়ি চালানোর কাজের সাথে জড়িত সর্বনিম্ন গাড়ির মালিক এবং চালক। একটা বিল্ডিং নির্মাণের সাথে জড়িত বিল্ডিং মালিক, ডিজাইন প্রফেশনাল (আর্কিটেক্ট-ইঞ্জিনিয়ার) এবং নির্মাণ শ্রমিক। মানুষ সংশ্লিষ্ট কোন কাজের ক্ষেত্রে মানুষের জীবন- নিরাপত্তার বিষয়টা গুরুত্বপূর্ণ। এসব কারণেই আমাদের দেশে রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, বাস-ট্রাক চালক সমিতি থাকা সত্ত্বেও স্বতন্ত্রভাবে সরকারের পক্ষ থেকে রোড ট্রান্সপোর্ট অথোরিটি আইন আছে। যে আইনের মাধ্যমে রোড ট্রান্সপোর্ট রিলেটেড যতো কর্মকাণ্ড আছে সেগুলো নিয়ন্ত্রিত হয়। কারণ কোন দুর্ঘটনা ঘটলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং সরকারকেই জবাবদিহি করতে হয়। এজন্য ড্রাইভারদেরকে পরীক্ষার মাধ্যমে সরকারিভাবে লাইসেন্স দিয়ে থাকে BRTA আইনের আওতায়। একইভাবে এডভোকেটদের কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয় এবং লাইসেন্স দিয়ে থাকে বার কাউন্সিল যেটা সরকারি প্রতিষ্ঠান এবং সংসদ থেকে বার কাউন্সিল অ্যাক্ট নামে পাশ করা, ডাক্তারদের কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয় এবং রেজিষ্ট্রেশন দেয় BMDC যেটা সরকারি প্রতিষ্ঠান এবং সংসদ থেকে BMDC অ্যাক্ট নামে পাশ করা এবং নৌপরিবহনের ক্ষেত্রে BIWTC এর কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে এবং লাইসেন্স প্রদান করে BIWTA আইনের মাধ্যমে।

কিন্তু বাংলাদেশে ভবন নির্মাণের সাথে জড়িত ডেভেলপমেন্ট অথোরিটি, ভবন মালিক, ডিজাইন প্রফেশনাল(আর্কিটেক্ট-ইঞ্জিনিয়ার) এবং নির্মাণ শ্রমিকদের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারিভাবে কোন রেগুলেটরি বডি নেই। প্রফেশনাল বডি যেগুলো আছে যেমন IEB-IAB এগুলো হচ্ছে সোসাইটি রেজিষ্ট্রেশন আইন-১৮৬০ দ্বারা গঠিত প্রাইভেট প্রফেশনাল এসোসিয়েশন। এই প্রতিষ্ঠানগুলো তাদের সদস্যদের মাসিক চাঁদার মাধ্যমে পরিচালিত হয়, এদের কাজ হচ্ছে প্রফেশনালদের ভাল মন্দ টেক কেয়ার। কোন প্রফেশনালকে লাইসেন্স/রেজিষ্ট্রেশন দেয়া এসব প্রতিষ্ঠানের কাজ নয়। কোন প্রফেশনালকে লাইসেন্স/ রেজিষ্ট্রেশন দেয়া মূলত সরকারের কাজ যেটা পৃথিবীর অন্যান্য দেশ করে থাকে।

ভবন সংশ্লিষ্ট কোন দুর্ঘটনা ঘটলে এর দায় কার উপর বর্তাবে? ডেভেলপমেন্ট অথোরিটি? ভবন মালিক? ডিজাইন প্রফেশনাল? নির্মাণ শ্রমিক? অথচ দুর্ঘটনার দায়ভার কিন্তু সরকারকেই নিতে হয় এবং জনগণের কাছে জবাবদিহি করতে হয়। রাজউক যে এখন অবৈধ/ নকশা না মানা বিল্ডিং ভাংগে এটা মূলত BBRA এর কাজ। যার প্রেক্ষিতে সরকার আইনের মাধ্যমে রেগুলেটরি বডি গঠন করে থাকে এসব কর্মকাণ্ডকে জবাবদিহিতার আওতায় আনার জন্য। এই রেগুলেটরি বডির একটা প্রধান কাজ হচ্ছে ডিজাইন প্রফেশনালদেরকে লাইসেন্স দেয়া।
স্ব স্ব ক্ষেত্রে বিল্ডিং প্রফেশনালদেরকে লাইসেন্স দেয়ার জন্য বিএনবিসি-২০২০ তে NCLBP (National Council for Licensing of Building Professionals) এর কথা বলা থাকলেও BBRA (Bangladesh Building Regulatory Authority) ফর্ম না হওয়া পর্যন্ত NCLBP গঠন সম্ভব না অথচ বিএনবিসি-২০২০ গেজেট হয়েছে ৪.৫ বছরের বেশী হয়ে গেছে। স্বাধীনতার ৫২ বছরেও আমরা একটা প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স এক্ট করতে পারি নি! নির্মাণ কাজের মান ভালো করার জন্য কন্ট্রাক্টরদের জন্য স্থাপনা নির্মাণ আইন করতে পারিনি। যে আইনের মাধ্যমে কোড বেইসড স্থাপনা ডিজাইন এবং নির্মাণ কিছুটা হলেও সম্ভব হতো।

এখন এই BBRA এর লাইসেন্স নিয়ে আমাদের বিল্ডিং প্রফেশনালদের এবং বিল্ডিং মালিকদের লাভ কি? লাভ আসলে অনেক। প্রথমত, সারা দেশে যে ৯০ ভাগের বেশি বিল্ডিং নন ইঞ্জিনিয়ার্ড হয়ে ডিজাইন হয়ে আসছে লাইসেন্সড প্রফেশনালরা কাজ শুরু করলে এই সংখ্যাটা ধীরেধীরে কমে আসবে কারণ এই লাইসেন্স সারা দেশের জন্য প্রযোজ্য হবে এবং বিল্ডিং মালিকরাও একটা ইউনিফাইড সিস্টেম হওয়ার কারণে তার বিল্ডিংয়ের জন্য লাইসেন্সধারী যে কোন প্রফেশনাল কনসালট্যান্ট নিয়োগ দিতে পারবেন কোন ঝামেলা ছাড়াই। এখন যেমন বিল্ডিং মালিকরা চিন্তা করেন সবাইতো আর্কিটেক্ট-ইঞ্জিনিয়ার একজনকে দিয়ে ডিজাইন করালেই চলবে। তখন এই চিন্তা থেকে বের হয়ে লাইসেন্সপ্রাপ্ত প্রফেশনাল খোঁজাটা তার জন্য সহজ হবে। দ্বিতীয়ত, পৌরসভার সার্ভেয়ারর, কৃষিতে ডিপ্লোমা করা লোকজন এখন বিল্ডিং ডিজাইন করে যে বিল্ডিং ব্যবহারকারী মানুষজনের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন এই সংখ্যাটাও কমে আসবে। তৃতীয়ত, বিল্ডিং প্রফেশনালরা এখন ডিজাইন করে তেমন একটা ফি পান না। তখন ডিজাইন ফি ও বাড়বে কারণ যত্রতত্র দোকান ঘরের ডিজাইন বন্ধ হয়ে যাবে। চতুর্থত, বিল্ডিং প্রফেশনালদের সিগনেচার বাণিজ্য অনেকাংশে কমে আসবে। কারণ ১২ ঘন্টা লিখিত পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। সাধারণত এসব পরীক্ষায় ৩৩-৪০ ভাগের বেশি কেউ পাশ করে না। এজন্য বেশিরভাগ ক্যান্ডিডেটকেই হয়তো একবারের অধিক পরীক্ষা দিয়ে পাশ করা লাগতে পারে।

সরকারের কাছে আমাদের দাবি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের ক্যাপাসিটি বৃদ্ধির জন্য দ্রুত SEng ট্রেনিং আবার চালু করা, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের লাইসেন্সের জন্য রেগুলার বেসিসে দুইদিনব্যাপী ১২ ঘন্টার SEng পরীক্ষার আয়োজন করা এবং দ্রুত BBRA এর কার্যক্রম শুরু করা।

ওমর ফারুক মো: শাহীন, এসইঞ্জ
প্রিন্সিপাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার
কাঠামোবিদ

Address

Dhaka

Opening Hours

Monday 14:00 - 20:00
Tuesday 14:00 - 20:00
Wednesday 14:00 - 20:00
Thursday 14:00 - 20:00
Sunday 14:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Institution of Structural Engineers, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share