17/11/2024
এক ঝটকায় পাল্টে গেল আইপিএল-এর চিত্রনাট্য। তৈরি হলো নয়া রেকর্ড এবং জৌলুসের যাবতীয় রঙ শুষে নিল এক কিশোর। সমস্ত কৌতুহলের কেন্দ্রে একটাই নাম বৈভব সূর্যবংশী। বিহারের সমস্তিপুর জেলার মতিপুর গ্রামের ১৩ বছরের বিস্ময় বালককে রাখা হয়েছে আইপিএল নিলামে এবং তার বেস প্রাইস ৩০ লক্ষ টাকা।
অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে মাত্র ১৩ বছর বয়সে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড করার পর বৈভব এখন আন্তর্জাতিক নাম। গত ১৭০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এত কম বয়সে বৈভবের আগে কেউ সেঞ্চুরি করেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার ১০৪ রানের ইনিংসটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও বটে।
গ্রামটা প্রত্যন্তই বলা চলে। বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশীর অপূর্ন থেকে যাওয়া স্বপ্নই এখন পাপড়ি মেলছে একটু একটু করে। সঞ্জীবের কথায়, "আমার স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হব, কিন্তু আর্থিক সংকটের জন্য লড়াই থামিয়ে দিতে হয়েছিল একসময়। একদিন লক্ষ্য করলাম, আমার ব্যাটটা নিয়ে খেলার চেষ্টা করছে। তখন ওর বয়স পাঁচ। হঠাৎ যেন ওর মধ্যে আমার হারিয়ে যাওয়া স্বপ্নটাকে দেখতে পেলাম। বাড়ির পাশেই শুরু হলো আমাদের নেট প্র্যাকটিস। টানা দু'বছর এভাবে চলার পর ওকে নিয়ে গেলাম সমস্তিপুরে ব্রজেশ ঝা'র একাডেমিতে।"
এই শুরু হলো বৈভবের পথ চলা। ওখানে দু'বছর প্রশিক্ষণের পর মাত্র ৯ বছর বয়সে ওকে নামানো হলো প্রথমে অনূর্ধ্ব ১৬ তারপর অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্টে। জেলা ভিত্তিক টুর্নামেন্টে রানের বন্যা বইয়ে দিল বৈভব। এরপরই পাটনায় মণীশ ওঝার একাডেমিতে নিয়ে আসার সিদ্ধান্ত হয়।
পাটনায় প্রশিক্ষন শুরু হবার পর অনূর্ধ্ব ১৯ রাজ্যে টুর্নামেন্ট( হেম্যান ট্রফি) খেলে বৈভব। তার ব্যাট থেকে আসে ৬০০ রান। এরপরই মাত্র ১২ বছর বয়সেই রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে তাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন। রঞ্জির পরই খুলে যায় অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের জায়গা। ১৩ বছর বয়সে জাতীয় দলের হয়ে এবছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেই সেঞ্চুরি এবং বিশ্ব রেকর্ড।
এবার হাজার হাজার ওয়াটের রঙিন সার্চ লাইটের মধ্যে দিয়ে ব্যাট হাতে ক্রিজের দিকে এগিয়ে যাবে সেই বালক, চার দিকে গগনভেদি উল্লাস, বল হাতে অপেক্ষায় মিচেল স্টার্ক কিংবা যশপ্রিত বুমরা..... স্ট্যান্স নিচ্ছে ছেলেটা...নাম বৈভব........ এই দৃশ্যটাই এখন দেখার অপেক্ষায় থাকবে, গোটা ক্রিকেট দুনিয়া।
✍️Dipak Ghosh