30/09/2026
কুরআনের মুসহাফ চুম্বন: একটি স্বাস্থ্যগত সতর্কতা
আমরা অনেকেই কুরআন তিলাওয়াতের আগে বা পরে ভালোবাসা ও সম্মানের প্রকাশ হিসেবে মুসহাফে চুমু দিয়ে থাকি সম্মানের প্রকাশ হিসেবে এটি অনুমোদিত, তবে এর জন্য অতিরিক্ত বিশেষ সওয়াবের কথা প্রমাণিত নয়।
এর পাশাপাশি একটি স্বাস্থ্যগত বিষয়ও বিবেচনা করা যেতে পারে। মুখের লালার মাধ্যমে বিভিন্ন ধরনের জীবাণু ছড়াতে পারে। বিশেষ করে একই মুসহাফ যদি অনেক মানুষ ব্যবহার করেন, তাহলে প্রত্যেকে চুমু দিলে একজনের মুখের জীবাণু অন্য ব্যক্তির সংস্পর্শে আসার সম্ভাবনা থাকে।
এ কারণে ব্যক্তিগত মুসহাফ হলে বিষয়টি আলাদা, যেটি শুধু একজন ব্যক্তি ব্যবহার করেন। কিন্তু মসজিদ, মাদরাসা বা অন্য কোনো স্থানে বহু মানুষের ব্যবহৃত মুসহাফ হলে স্বাস্থ্যগত সতর্কতার জন্য সেটিতে চুমু না দেওয়াই অধিক পরিচ্ছন্ন ও নিরাপদ পদ্ধতি।
এতে কুরআনের প্রতি সম্মান কমে যায় না। বরং মুসহাফকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং অন্যদের সম্ভাব্য সংক্রমণ থেকে রক্ষা করাও ইসলামের পরিচ্ছন্নতা ও ক্ষতি পরিহারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।