01/01/2025
"বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের প্রশংসনীয় উদ্যোগ"
"উষ্ণতা বিতরণ '২৪" প্রজেক্টে বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাব গত এক সপ্তাহে ৫০০জন সুবিধাবঞ্চিত মাদরাসা ও এতিম শিক্ষার্থী এবং অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে। দুই সপ্তাহের যাচাইকরণ শেষে ক্লাব থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের লিস্ট এপ্রুভ করা হয়। এরপর বিতরণ কর্মসূচীতে স্বচ্ছতা ধরে রাখতে সরেজমিনে কাজ করে ক্লাবের সদস্যরা। মূলত ট্রাফিক সচেতনতার জন্য এই ক্লাবের প্রতিষ্ঠা হলেও জনসাধারণের যেকোনো সমস্যায় যেটা ক্লাবের দ্বারা একটু হলেও ঘুচানো সম্ভব সেটার জন্য কাজ করছে এই ক্লাব। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সহায়তা ও সমর্থন পেলে ক্লাবের পক্ষ থেকে আরো অনেক উদ্যোগ নেয়া হবে যা জনসাধারণের অতীব প্রয়োজন ।
প্রথমদিন চট্টগ্রাম জেলার চন্দনাইশ, লোহাগাড়া, চকরিয়া এই তিন উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্বল বিতরণ করা হয়। একদিন পরে দ্বিতীয় দফায় রাঙ্গুনিয়া উপজেলার পোমরা, মরিয়মনগর এবং মধ্য পারুয়া এই চার স্থানের মোট পাঁচটি মাদরাসা ও এতিমখানায় কম্বল বিতরণ করা হয়। এরপরে কাপ্তাইয়ে একটা এতিমখানায় কম্বল বিতরণ করা হয় আর সর্বশেষ গত ২৬ডিসেম্বর ২০২৪ইং তারিখে উত্তরবঙ্গের লালমনিরহাট জেলার চর অঞ্চলসহ মোট নয়টি মাদরাসা ও এতিমখানা এবং অসহায় ২৭০জন মানুষের হাতে স্থানীয় এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
ক্লাবের কার্যক্রম তদারকি ও পরিচালনায় ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দিদারুল ইসলাম ইমরান, মিডিয়া প্রধান আব্দুল্লাহ জুলকারনাঈন, সদস্য সাকিবুল ইসলাম, মাহমুদুর রহমান। আর এ উষ্ণতা বিতরণে সহায়তা করে ওল্ড ফৌজিয়ানস এসোসিয়েশন।
উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় ইমার্জেন্সি রেস্পন্স হিসেবে ত্রাণ সহায়তা খাগড়াছড়ি আর্মি ক্যাম্পে বুঝিয়ে দেয়া হয় ক্লাবের পক্ষ থেকে। এছাড়াও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে "ক্রয়মূল্যে বিক্রয়" কার্যক্রম পরিচালনা করে এরা। আর গত নভেম্বর মাসে বন্যা পুনর্বাসন প্রকল্পের অংশ হিসেবে উত্তরবঙ্গের চর অঞ্চলের হতদরিদ্র ৪৩জন কৃষকের মাঝে এক সিজনের জন্য যাবতীয় সার ও বীজ কিনে দেয় বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাব।