10/07/2026
পাকিস্তানের এক যুবকের মা মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে মৃত্যুশয্যায় ছিলেন।
ডাক্তাররা একপর্যায়ে হাল ছেড়ে দিয়ে যুবকটিকে ডেকে বললেন:
"জীবন-মৃত্যু তো একমাত্র আল্লাহর হাতে, তবে চিকিৎসাবিদ্যা অনুযায়ী আমরা এখন সম্পূর্ণ হতাশ। তুমি যেকোনো মুহূর্তে যেকোনো খারাপ খবর শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকো।"
পুরো রাত মায়ের চিন্তায় ছটফট করে পার করে পরদিন সকালে যুবকটি মায়ের সাথে দেখা করতে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো।
পথের মাঝে সে তার গাড়িতে তেল নেওয়ার জন্য একটি পেট্রোল পাম্পে থামল। সিরিয়ালের জন্য অপেক্ষা করার সময় হঠাৎ সার্ভিস শপের দেয়ালের কোণায় তার নজর গেল।
সেখানে একটি বিড়াল একটা খালি বাক্সের নিচে কয়েকটি বাচ্চা প্রসব করেছে।
যুবকটির মনে প্রথম যে চিন্তাটি এলো,
'এই তীব্র গরমে এতটুকু ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলো খাবে কী?'
মায়ের কঠিন বিপদের মুহূর্তেও তার মনে এই অবলা প্রাণীদের প্রতি দয়ার উদ্রেক হলো।
সে সাথে সাথে গাড়িটি একপাশে পার্ক করে পাম্পের পাশে থাকা একটি দোকান থেকে কিছু ছোট ছোট মাছ কিনল এবং তা বিড়ালের বাচ্চাদের সামনে এনে দিল।
ক্ষুধার্ত বিড়ালের বাচ্চারা যখন তৃপ্তিতে তা খেতে শুরু করল, যুবকটি তৃপ্তির এক নিঃশ্বাস ফেলে গাড়িতে তেল নিয়ে হাসপাতালের দিকে ছুটে গেল।
হাসপাতালে পৌঁছেই সে যখন মায়ের কেবিনের দিকে তাকাল, দেখল মায়ের বিছানাটি সম্পূর্ণ খালি!
বিছানা খালি দেখেই যুবকের চোখের সামনে অন্ধকার নেমে এলো, বুকটা ধড়ফড় করে উঠল। সে কাঁপতে কাঁপতে ডিউটি নার্সের কাছে গিয়ে জিজ্ঞেস করল, "আমার মা কোথায়?"
নার্স মুচকি হেসে বলল, "আজ সকালে আপনার আম্মার শরীরে এক অলৌকিক পরিবর্তন এসেছে! ডাক্তারদের সব ধারণা ভুল প্রমাণ করে তিনি হঠাৎ সুস্থ হয়ে জ্ঞান ফিরে পেয়েছেন।
ডাক্তার বললেন তাঁকে একটু খোলা বাতাসে নিয়ে যেতে, তাই আমরা তাঁকে বাইরের বাগানে বসিয়ে রেখেছি। আপনি ওখানে গেলেই তাঁকে দেখতে পাবেন।"
যুবকটি পাগলের মতো দৌড়ে বাগানে মায়ের কাছে গেল। মাকে জড়িয়ে ধরে সালাম দিয়ে তাঁর স্বাস্থ্যের খবর জিজ্ঞেস করতেই মা বললেন:
"বাবা! আজ আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। দেখলাম, একটা বিড়াল আর তার ছোট ছোট বাচ্চারা আসমানের দিকে মুখ তুলে ব্যাকুল হয়ে আমার জীবন আর সুস্থতার জন্য দুআ করছে!
ঠিক এই স্বপ্নটা দেখার পরপরই আমার চোখ খুলে যায় এবং আমি পুরোপুরি সুস্থতা অনুভব করি। এরপরের অবস্থা তো তুমি নিজের চোখেই দেখছ!
মায়ের মুখে এই অলৌকিক স্বপ্নের কথা শুনে যুবকটি স্তব্ধ হয়ে গেল। তার চোখ বেয়ে অশ্রুধারা নামতে লাগল।
সে মনে মনে ভাবল, পাম্পের কোণায় তৃপ্তিসহকারে খাওয়া সেই অবলা বিড়ালের বাচ্চাদের নীরব কৃতজ্ঞতাই আজ আরশে পৌঁছে গেছে!
হ্যাঁ, আমাদের প্রতিপালকের দয়া ও রহমত এতটাই বিশাল যে, তা পুরো সৃষ্টিজগৎকে নিজের মধ্যে জড়িয়ে রাখে।
এমনি এমনি তো আমাদের প্রিয় নবী (সা.) শিখিয়ে যাননি"তোমরা সদকার মাধ্যমে তোমাদের অসুস্থদের চিকিৎসা করো"। গোপন সদকা আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়।
যখন মানুষের তৈরি সমস্ত প্রেসক্রিপশন আর ফাইল বন্ধ হয়ে যায়, ডাক্তাররা যখন জবাব দিয়ে দেয়, তখন আল্লাহর রাজত্বে কোনো এক পঙ্গু মানুষ, কোনো এক এতিম শিশু কিংবা কোনো এক অবলা প্রাণীর ভেতর থেকে আসা দীর্ঘশ্বাস আর খাঁটি দুআ নিমিষেই ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে।
আপনি যখন মানুষের বা অন্য কোনো সৃষ্টির বিপদে পাশে দাঁড়াবেন, আল্লাহ আপনার কঠিন বিপদে অলৌকিক সাহায্য পাঠাবেন। ইনশাআল্লাহ।
— সবক আমুয ওয়াকিয়াত,উর্দূ থেকে অনূদিত।