23/06/2026
বরিশালে ডিজিটাল যুগে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি’ প্রকল্পের আওতায় অর্ধদিবস ব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রায় ৩০ জন তরুণ-তরুণী ও প্রতিনিধি অংশগ্রহণ করেন। Women's Welfare Youth Organization সদস্যরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
সোমবার (২২ জুন) সকালে আভাস প্রশিক্ষন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। উন্নয়ন সহযোগী সংস্থা আভাস এর আয়োজন করে। সংস্থাটি বর্তমানে বরিশাল বিভাগের ৬টি জেলায় ‘স্বাধীনতা’ প্রকল্প বাস্তবায়ন করছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত প্রকল্পটিতে কারিগরি ও সার্বিক সহযোগিতা দিচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। দেশব্যাপী মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল অধিকার ও অনলাইন নিরাপত্তা বিষয়ে তরুণদের সম্পৃক্ত করতে আটটি নারী অধিকারভিত্তিক সংগঠন (ডব্লিউআরও) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
দিনব্যাপী প্রশিক্ষণে ডিজিটাল নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্য যাচাই এবং দায়িত্বশীল অনলাইন আচরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের ভুল তথ্য (মিসইনফরমেশন), অপতথ্য (ডিসইনফরমেশন) ও বিদ্বেষপ্রবণ তথ্য সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং ভুয়া তথ্য শনাক্তের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
এছাড়া ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, ব্যক্তিগত ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন প্ল্যাটফর্মে দায়িত্বশীল আচরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধে সচেতনতা তৈরির বিষয়েও অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষকরা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে সচেতন ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে তথ্য যাচাই এবং অনলাইন নিরাপত্তা বিষয়ে তরুণদের দক্ষতা বৃদ্ধি জরুরি। এ ধরনের উদ্যোগ তরুণদের ডিজিটাল অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
কর্মসূচিতে অংশগ্রহণমূলক আলোচনা, বাস্তব উদাহরণ উপস্থাপন এবং বিভিন্ন দলভিত্তিক কার্যক্রমের আয়োজন করা হয়। এসব কার্যক্রম অংশগ্রহণকারীদের নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় দক্ষতা উন্নয়নে সহায়তা করে।
আয়োজকরা জানান, তরুণদের জন্য নিরাপদ, সচেতন ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ গড়ে তোলা এবং গণতান্ত্রিক মূল্যবোধ জোরদারে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কর্মসূচিটি অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়।